শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
দুই ভাই মিলে এলাকার উন্নয়ন করব: বরগুনা-২ আসনে পরাজিত প্রার্থীর বাড়িতে এমপি মণি
হোম পেজ » বরগুনা » দুই ভাই মিলে এলাকার উন্নয়ন করব: বরগুনা-২ আসনে পরাজিত প্রার্থীর বাড়িতে এমপি মণি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মণি পরাজিত প্রার্থী ডা. সুলতান আহমেদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে অবস্থিত জামায়াত মনোনীত প্রার্থীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি কোলাকুলি করেন এবং বলেন, আমরা দুই ভাই। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমাদের সম্পর্ক। সুলতান ভাই আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, কিন্তু আল্লাহর রহমতে আমরা দু’জনই বিজয়ী।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বড় ভাই হিসেবে সুলতান আহমেদের পরামর্শ নিয়ে কাজ করব। আপনারাও তাকে সে ভাবেই দেখবেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বরগুনা-২ আসনের সব নেতাকর্মীকে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার আহ্বান জানান এবং বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা দুই ভাই মিলে এলাকার উন্নয়ন করব।
ডা. সুলতান আহমেদ বলেন, জয়-পরাজয় সব ক্ষেত্রেই আছে। খেলাধুলায় যেমন জয়-পরাজয় হয়, নির্বাচনও তেমনি। এখন দেখার বিষয় কীভাবে সরকার গঠন হয়। দেশের জন্য ভালো কিছু হলে সেটাই কাম্য।
তিনি পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকায় দলীয় কর্মীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বরগুনা-২ আসনের ১২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম মণি পেয়েছেন ৮৯ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।
বাংলাদেশ সময়: ১১:১১:৩৩ ● ২২ বার পঠিত
