শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির মন্ত্রিসভা: কারা আলোচনায়

হোম পেজ » রাজনীতি » বিএনপির মন্ত্রিসভা: কারা আলোচনায়
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

বিএনপির মন্ত্রিসভা: কারা আলোচনায়

সাগরকন্যা রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। নির্বাচনের আগে ঘোষিত ‘জাতীয় সরকার’ গঠনের পরিকল্পনা অনুযায়ী জোটসঙ্গী দলগুলোর প্রতিনিধিদেরও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

 

সরকারি মহলের তথ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে এবং ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দলের সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন- এটাই প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়া।

 

নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর নির্বাচন কমিশন নির্বাচিত সদস্যদের গেজেট জারি করবে। এরপর শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ গঠিত হবে। সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করলে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করবেন। কোনো দল বা জোট ১৫১ বা তার বেশি আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠতার শর্ত পূরণ হয়।

 

নিয়ম অনুযায়ী মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথমে সরকারপ্রধান, পরে পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রী শপথ নেবেন।

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল গেজেট আকারে প্রকাশ এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা জানতে দেশবাসীকে অল্প সময় অপেক্ষা করতে হবে।

 

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন- এমন আলোচনা জোরালো। পাশাপাশি মন্ত্রিসভায় কারা থাকবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা চলছে।

 

খসড়া আলোচনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-এর নাম রয়েছে বলে জানা গেছে।

 

এ ছাড়া জোট ও অন্যান্য নেতাদের মধ্যে আন্দালিভ রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নুর-এর নাম আলোচনায় রয়েছে। নারী প্রতিনিধিত্বে শামা ওবায়েদ ও তাহসিনা রুশদীরের নামও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।

 

টেকনোক্রেট কোটায় সম্ভাব্য হিসেবে সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, আমিনুল হক ও মাহমুদুর রহমান মান্না-এর নামও আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহন পুল সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নিচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত সব নামই আলোচনার পর্যায়ে রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৪ ● ২৭৫ বার পঠিত