মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
বগা সেতু ইস্যুতে জমে উঠেছে পটুয়াখালী-২ আসনের লড়াই
হোম » বিশেষ প্রতিবেদন » বগা সেতু ইস্যুতে জমে উঠেছে পটুয়াখালী-২ আসনের লড়াই

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবারের ভোটের মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় বাড়ছে প্রার্থীদের গণসংযোগ; চায়ের দোকান থেকে হাটবাজার-সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় নির্বাচন।
জনদুর্ভোগ লাঘবে নানা প্রতিশ্রুতি শোনা গেলেও প্রায় সব প্রার্থীর বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে বগা সেতু নির্মাণ।
এ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মাঠে রয়েছেন ডা. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. মালেক আনোয়ারী এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের হাবিবুর রহমানও নির্বাচনী দৌড়ে আছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বাউফল উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৫টি।
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার সাগরকন্যাকে বলেন, শহিদুল আলম তালুকদার বাউফলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত নাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়ে ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আ. স. ম. ফিরোজকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বগা সেতু অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।
অন্যদিকে জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদকে ঘিরে বাউফলে আলাদা আলোচনা তৈরি হয়েছে। দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ভোটারদের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন বলে মত স্থানীয়দের। একাধিক জনসভায় তিনি বলেন, নির্বাচিত হলে এমপির জন্য সরকারি বরাদ্দের জমি ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এছাড়া ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, ডা. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। বগা সেতুসহ বগা-কালাইয়া বন্দর পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোট চাইছি।
সব মিলিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দিন দিন। ভোটের ফল যেদিকেই যাক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন- বিশেষ করে বগা সেতু- এ নির্বাচনের মূল ইস্যুতে পরিণত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৫:১১:৩৫ ● ১২৩ বার পঠিত
