বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬

বরগুনায় মেয়েকে ধ’র্ষ’ণে’র অভিযোগে বাবা আটক

হোম পেজ » বরগুনা » বরগুনায় মেয়েকে ধ’র্ষ’ণে’র অভিযোগে বাবা আটক
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

নবম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে বুধবার আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে তার বাবা নাসির উদ্দিন চৌকিদার ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে বসবাস করছিল।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৯ জানুয়ারি ও ১৩ জানুয়ারি রাতে নিজ ঘরে মেয়েকে একা পেয়ে নাসির উদ্দিন চৌকিদার দু’বার ধর্ষণ করেন। পরে বিষয়টি গোপন রাখতে মেয়েকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান তিনি।

 

ভিকটিমের সৎ মা উম্মে কুলসুম সুমাইয়া জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে ভিকটিম সাধারণত তার বৃদ্ধ দাদির সঙ্গে রাতে ঘুমায়।

 

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, লোকলজ্জা ও ভয়ের কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিল সে। তবে বাবা আবারও ধর্ষণ করতে পারে- এমন আশঙ্কায় বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেই পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

 

অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি দাবি করেন, মেয়ের আপন মা মেয়েকে দিয়ে এমন জঘন্য অভিযোগ করিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করা হয়েছে। বর্তমানে (বুধবার রাতে) তিনি থানা হেফাজতে রয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১:১০:০১ ● ১৫৭ বার পঠিত