বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীকে ভোট দিন: অধ্যাপক মজিবুর রহমান
হোম পেজ » ভোলা » দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীকে ভোট দিন: অধ্যাপক মজিবুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে জনগণ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন। এক একটি দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও দুর্নীতি, অর্থপাচার ও সন্ত্রাসে জড়িত হয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী’র দুজন মন্ত্রী ও ২২ জন এমপি থাকা সত্ত্বেও এদের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। তাই এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা-৪ আসনের চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে। কেউ চাঁদাবাজি করলে অ্যাপসের মাধ্যমে সরকারের নিকট জানানো যাবে, পরিচয় গোপন থাকবে, এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বেকারদের ভাতা দেওয়ার বদলে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।
জনসভায় ভোলা-বরিশাল সেতুর দাবি ওঠার প্রেক্ষিতে অধ্যাপক মজিবুর রহমান বলেন, এটি যৌক্তিক এবং দীর্ঘদিনের দাবি। দুর্নীতি বন্ধ হলে দেশের অর্থ অভাব হবে না এবং বড় ধরনের অবকাঠামো নির্মাণ সহজ হবে।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ভোট চাওয়া হয়। জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। এছাড়া বিভিন্ন সহযোগী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
হাজার হাজার মানুষ অংশগ্রহণে জনসভার মাঠটি পূর্ণ হয়।
এদিকে জনসভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতা ও কর্মীদের হামলায় ১৫-২০ জন জামায়াত কর্মী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেফতার করার পর অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩৮ ● ৩১ বার পঠিত
