মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী

হোম পেজ » রাজনীতি » সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


 

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, জাতিতে জাতিতে কিংবা ধর্মে-ধর্মে হানাহানি হলে জাতীয় অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হয়। এ কারণে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিখালি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হিন্দু-মুসলিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ। এখানে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে- এটাই বাংলাদেশের সৌন্দর্য।

 

তিনি বলেন, এ দেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ হলেও অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন। এটিই ধর্মের প্রকৃত সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের বাগানের মতো সাজাতে চাই। চেতনার গল্প শুনিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করেছে এবং মানুষের অধিকার লুটপাট করেছে, তাদের বাংলাদেশে আর জায়গা হবে না। চব্বিশের যুবসমাজ পুরোনো বস্তাপঁচা রাজনীতির জন্য লড়াই করেনি; তারা পরিবর্তন চেয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।

 

মাসুদ সাঈদী বলেন, আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ চাই। যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং নৈতিক শিক্ষাসহ শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে চাই। দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করাই আমাদের লক্ষ্য। ‘দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না’- এটাই আমাদের অঙ্গীকার।

 

‘আমরা জাতির শাসক হবো না, সেবক হবো’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন।

 

কারো নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, একটি দল গভীর রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাউকে হুমকি দিচ্ছে, আবার কাউকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাহলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা মানুষের দারিদ্র্য নিয়ে তামাশা করছে এবং মানুষকে অপমান করছে। অতীতের মতো ভোট কেনাবেচার রাজনীতি যারা করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।

 

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে দেশ মুক্ত হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

 

মালিখালি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল্লাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য দেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, সাবেক এমএনএ’র ভাতিজা ডা. বিভাষ বসু, তপন মন্ডল, সুজিত গাইন, নাজমুল ইসলাম ও মনোজ কান্তি।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৩ ● ১০০ বার পঠিত