মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
মোংলায় যৌথ অভিযানে দুই ইয়াবা কারবারি আটক
হোম পেজ » খুলনা » মোংলায় যৌথ অভিযানে দুই ইয়াবা কারবারি আটক
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১১৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও মোংলা নৌ কন্টিনজেন্টের সদস্যরা শহরের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের হাতে-নাতে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম (৫৮) এবং সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (২৮)। তাদের মধ্যে রহিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস এবং জসিমের দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোংলা উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৭ ● ২৬ বার পঠিত
