সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
পটুয়াখালী-৩ আসনে নুরের বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে নুরের বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতারা। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার। তিনি অভিযোগ করেন, নুরুল হক নুর অবৈধ অর্থ ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন, ভোট কেনা ও ভোটকেন্দ্রে না যেতে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি নির্বাচনি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নুরুল হক নুরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগও করা হয়।
অভিযোগের জবাবে নুরুল হক নুর বলেন, জোটের প্রার্থী হিসেবে তিনি তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারেন এবং নিয়ম মেনেই বিলবোর্ড বসানো হয়েছে। সংবাদ সম্মেলনকারীদের বক্তব্যকে তিনি অসংলগ্ন বলে মন্তব্য করেন এবং বলেন, নির্বাচন বানচাল করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক ও সদ্য সাবেক বিভিন্ন পদধারী নেতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০১:১৩ ● ১০৩ বার পঠিত
