রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
পিরোজপুর-২ আসন আমাকে একবার সেবা করার সুযোগ দিন: সোহেল মঞ্জুর সুমন
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর-২ আসন আমাকে একবার সেবা করার সুযোগ দিন: সোহেল মঞ্জুর সুমন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, শিগগিরই আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করব এবং কোন কোন ইউনিয়নের সমস্যাগুলো রয়েছে, তা উল্লেখ করে ক্ষমতায় যাওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। নির্বচনী বক্তব্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে সমাধান করা হবে বলেও তিনি উল্লেখ করে। তিনি বলেন, অবহেলিত স্বরূপকাঠীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চারদিকে ধানের শীষের জোয়ার।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটের দিন খুব সকাল সকাল ভোট দিতে যাবেন। ভোট দিয়ে বিএনপির কর্মীদের ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে। আমাদের একবার সুযোগ দিন, দেখবেন আমরা কতটা কাজের প্রতি আন্তরিক। তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এসেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে যদি পিরোজপুর-২ আসনে ধানের শীষ জয়লাভ করতে পারে।
সনাতন ধর্মাবলম্বী ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলে আপনাদের কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই আপনাদের সন্তানকে একবার সুযোগ দিন- এই সন্তান আপনাদের কখনো নিরাশ করবে না। অতীতে আমাদের পরিবার আপনাদের পাশে ছিল। আমরা কোনো অন্যায় আচরণ করিনি, কারও কোনো ক্ষতি করিনি। আমরা সবসময় জনসেবায় যুক্ত ছিলাম। আমাদের কর্ম ও লক্ষ্য জনসেবা- আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির ওলামা দলের সভাপতি মো. মোবারক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল-বেয়ারুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. রুহুল আমিন, স্বরূপকাঠী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ শিকদার ও যুবনেতা বদরুল আহসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ৯:২৯:৫৮ ● ৫১ বার পঠিত
