শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
পটুয়াখালী-৩ আসন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালী-৩ আসন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য সাব্বির মো. খালিদের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক) ও ১৬(গ)(ছ) লঙ্ঘনের শামিল।
নোটিশে আরও বলা হয়, ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার এলাকায় চরবোরহান নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের কার্যালয়ে নুরুল হক নুরের অনুসারী কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায় এবং এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা আহত হন, যা আচরণবিধিমালার ৬(ক)-এর পরিপন্থী। এ বিষয়ে নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, আমি এখনও নোটিশ হাতে পাইনি। নোটিশ না পেয়ে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না।
বাংলাদেশ সময়: ১৫:১৮:১৫ ● ১৩১ বার পঠিত
