শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬

বামনার মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হোম পেজ » বরগুনা » বামনার মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬


 

বামনার মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

দীর্ঘদিন অবহেলিত বামনা উপজেলার মদীনা বাজার-খুচনীচোরা কাঁচা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইজোড়া পাকা ব্রিজ-খুচনীচোরা সড়ক উন্নয়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান। গেস্ট অব অনার ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সিভিল জজ সাব্বির মো. খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা প্রকৌশলী দিপুল বিশ্বাস, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম ও বামনা ক্ষুদ্র সেচ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. তারেকুল ইসলাম।

 

জানা গেছে, সড়কটির উন্নয়নের জন্য প্রথম উদ্যোগ নেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সাত্তার। ২০১২ সালে স্থানীয়দের নিয়ে তিনি সড়ক উন্নয়ন আহ্বায়ক কমিটি গঠন করেন এবং ২০১৪ সালে সড়কটি সরকারি আইডি নম্বর লাভ করে। তবে পরবর্তী কয়েক বছর প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। পরে সিনিয়র সিভিল জজ সাব্বির মো. খালিদের তৎপরতায় ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সড়কটির জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন হয়।

 

এলজিইডি সূত্র জানায়, সর্বশেষ ২০২৫ সালের ২৪ এপ্রিল সড়কটির উন্নয়ন স্কীম পুনরায় অনুমোদন পায়। উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

 

বক্তারা বলেন, সড়কটি উন্নয়ন হলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসী দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮ ● ১১৫ বার পঠিত