বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

নারীদের মুখে ধানের স্লোগান ॥ মুখরিত ভোলা-৪-এর নির্বাচনী মাঠ

হোম পেজ » ভোলা » নারীদের মুখে ধানের স্লোগান ॥ মুখরিত ভোলা-৪-এর নির্বাচনী মাঠ
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

নারীদের মুখে ধানের স্লোগান ॥ মুখরিত ভোলা-৪-এর নির্বাচনী মাঠ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নির্বাচনী মাঠে নারীদের ব্যাপক অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিদিন গ্রাম থেকে গ্রামে বিএনপির ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয়দের বিস্মিত করছে।

 

বৃহস্পতিবার সকালে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের মালেবাড়ির উঠানে আয়োজিত উঠান বৈঠকে সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে। নারী, পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা- কেউই বাদ ছিলেন না। ‘কোথায় যাচ্ছেন?’- এই প্রশ্নের উত্তরে সাধারণ মানুষের মুখে একটাই কথা, ‘নেতা আইবো’। এভাবেই প্রতিদিন ভোলা-৪ আসনের বিভিন্ন গ্রামে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে আনুমানিক ৩ থেকে ৬ হাজার মানুষের উপস্থিতি ছিল, যার মধ্যে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এমন উপস্থিতি দেখে আব্দুল্লাহপুর ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী ও চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দীপুফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরাও বিস্ময় প্রকাশ করেন।

 

এদিকে ধানের শীষের পক্ষে নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়নে প্রতিদিন নারী ভোটারদের নিয়ে অন্তত ৫২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে হাজার হাজার নারী ভোটার অংশ নিচ্ছেন। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে, যেকোনো স্তরের নির্বাচনে নারী ভোটারদের এমন সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত বিরল এবং আগে কখনো দেখা যায়নি।

 

স্থানীয় সূত্র জানায়, এসব নারী ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপির পক্ষে মাঠে কাজ করার জন্য স্বেচ্ছায় যুক্ত হয়েছেন। তারা যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে কাজ করবেন বলে আগেই নাম নিবন্ধন করেছেন। নারী ভোটারদের এই বৃহৎ সমাবেশ সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন আশ্রাফুর রহমান দীপুফরাজী ও তাঁর সহযোগীরা।

 

উঠান বৈঠকে বক্তারা বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আগামীর বাংলাদেশ’ ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

 

এসময় আশ্রাফুর রহমান দীপুফরাজী বলেন, নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সন্তান। তিনি নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করবেন। চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। ভোটের দিন পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে, এরপর প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধমুক্ত চরফ্যাশন গড়তে হলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করলে ইনশাআল্লাহ চরফ্যাশন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত হবে।

 

উঠান বৈঠকে চরফ্যাশন উপজেলা বিএনপি, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২০ ● ১৬৫ বার পঠিত