বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
গৌরনদীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশালের গৌরনদীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরদার বাড়ি এলাকায় আল মদিনা জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন শরীফ, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার ও হারুন হাওলাদার, বরিশাল জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদশা মৃধা, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও খলিল মোল্লা, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এফ এম হীরা এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা হিসেবে স্মরণ করেন। তারা দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ভোটাধিকারের সুরক্ষা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একজন আলেম। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিতরা গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মরহুমা নেত্রীর জন্য বিশেষ দোয়ায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০:৩৮:১৬ ● ১৬২ বার পঠিত
