শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
জীবিতের চেয়ে মৃত খালেদা জিয়া বেশি শক্তিশালী: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
হোম পেজ » বরিশাল » জীবিতের চেয়ে মৃত খালেদা জিয়া বেশি শক্তিশালী: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজ থেকে শত বছর পরেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় অমলিন থাকবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় গৌরনদীবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এম. জহির উদ্দিন স্বপন বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের প্রতীক। জীবদ্দশায় তিনি ছিলেন গণতন্ত্রের মা, আর মৃত্যুর পর দেশের সাধারণ মানুষের মায়ের স্বীকৃতি পেয়েছেন। দৃঢ়চেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়াকে শুধু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বা বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখিনি। আমরা দেখেছি- মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা জিয়া ছিলেন বেশি শক্তিশালী, ক্ষমতায় থাকা খালেদা জিয়ার চেয়ে ক্ষমতাহীন খালেদা জিয়া ছিলেন অধিক ক্ষমতার অধিকারী। আজ আমরা প্রত্যক্ষ করছি, জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। শোকসভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৬ ● ১০৭ বার পঠিত
