গৌরনদীতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদীতে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের নৈতিক শক্তি ও সংগ্রামী কণ্ঠ। তাঁর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিপ্লবী নেতৃত্বকে দমন করার অপচেষ্টা। হত্যার ঘটনার পরও জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য দেন গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাব্বির হোসেন, জুলাই যোদ্ধা রাকিব ইসলাম আলবীন ও রিয়াদ হাওলাদার। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

এর আগে একই দিনে সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর শাহাদাত কবুল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৩ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ