শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫

হাদীকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে-সাদিক কায়েম

হোম পেজ » পিরোজপুর » হাদীকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে-সাদিক কায়েম
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


হাদীকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে-সাদিক কায়েম

সাগরকন্যা প্রতিবেদক, ‎পিরোজপুর 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতির যে কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সব সময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন শরিফ ওসমান হাদী আমাদের বরিশালেরই সন্তান। শরিফ ওসমান হাদীর উপর সন্ত্রাসীরা গুলি করেছে।
নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে, তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ তায়ালা যেন সেই ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত রাখে। পাশাপাশি আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আহ্বান করছি শরিফ ওসমান হাদীকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সাদিক কায়েম আরো বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি তাহলে অন্তর্র্বতী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করবো এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই সন্ত্রাসীদের দ্রুত সময় যেন চিহ্নিত করা হয়, একই সাথে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।

‎তিনি আরও বলেন, এই পিরোজপুরের সাথে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনার যে আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই ইনসাফের পক্ষে লড়াই, সত্যের পক্ষে যে লড়াই সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেল ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি আল্লামা সাঈদীকে যারা কারাগারে অন্যায় ভাবে আটকে রেখেছে যারা অন্যায় ভাবে তাকে হত্যা করেছে তাদের শেষ দেখে ছাড়বো। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়বো। আজকের তরুণ প্রজন্মের যে চিন্তা আধিপত্য বাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে তাদের যে লড়াই সেই লড়াইয়ের বীজ আল্লামা সাঈদী হুজুরেরা বপন করে গিয়েছেন।

‎পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইব এর সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৩:১৪ ● ১১৪ বার পঠিত