শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
কলাপাড়ায় জমি বিরোধে বাবা-ছেলেকে মারধর, হাসপাতালে ভর্তি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জমি বিরোধে বাবা-ছেলেকে মারধর, হাসপাতালে ভর্তি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমার বিরোধে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন আবদুল বারেক খা (৪৫) ও তার ছেলে হামিম (২৫)। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবদুল বারেক খা জানান, এলেমপুর গ্রামের ১০০ নং খতিয়ানের তিন একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আলফাজ গাজী গংদের সঙ্গে বিরোধ চলছে। দুই মাস আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিরোধের মীমাংসা হয়নি। সালিশে উভয় পক্ষকে বিরোধীয় জমিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ওই জমি দিয়ে বিলের মধ্যে ধানকাটা মেশিন প্রবেশ করায় সামান্য কিছু ধান কাটা হয়। পরে কয়েকজন কুটা আনতে গেলে তার ছেলে হামিমও সেখানে যায়। এসময় প্রতিপক্ষ আলফাজ গাজী, নাছিম, বেল্লাল ও আবুল তাকে মারধর করে। ছেলেকে বাঁচাতে আবদুল বারেক খা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
তবে অভিযোগ অস্বীকার করে আলফাজ গাজী বলেন, সামান্য হাতাহাতি হয়েছে। জমিজমার বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৭ ● ২৬১ বার পঠিত
