মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
উপকূলীয় জীবিকায়নের জন্য শৈবাল চাষ কর্মশালা অনুষ্ঠিত
হোম পেজ » কুয়াকাটা » উপকূলীয় জীবিকায়নের জন্য শৈবাল চাষ কর্মশালা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামুদ্রিক শৈবাল চাষ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কার্বনডাই অক্সাইড শোষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই কর্মশালার উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, সহযোগিতায় এআইআরডি।
অধ্যাপক ও উপ-প্রকল্পের প্রধান গবেষক ড. মোঃ রাজীব সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আরিফুল আলম (চেয়ারম্যান, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ), মোঃ জহিরুল ইসলাম আকন্দ (সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর), পলাশ হালদার (সহকারী প্রকল্প পরিচালক, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট) এবং মাসুদ সিদ্দিক (ব্যবস্থাপনা পরিচালক, এআইআরডি)।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল (ম্যাক্রো অ্যালগি) চাষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পরিবেশবান্ধব ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং উপকূলীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়নের সুযোগও সৃষ্টি করে।
আলোচকরা আরও জানান, পাইলট প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জনগণের অংশগ্রহণে টেকসই শৈবাল চাষের সম্ভাবনা যাচাই করা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মৎস্যজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৪ ● ১৯৭ বার পঠিত
