বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা, জরুরি অবস্থা জারি
হোম » বিশ্ব » ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা, জরুরি অবস্থা জারি

সাগরকন্যা ডেস্ক
এক মিনিটেরও কম ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে এলাকায়। ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এ ঘটনায় ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে থাকতে পারে।
রাজধানী কারাকাসেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি দুর্যোগ মোকাবিলা কার্যক্রম তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেন।
ভাষণে ডেলসি রদ্রিগেজ বলেন, দেশের জনগণকে এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভূমিকম্পে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা জানান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চলতি বছরের জানুয়ারিতে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নেওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন।
বাংলাদেশ সময়: ৯:১৭:১৯ ● ২৭০ বার পঠিত
