রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬

আমতলীতে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও ভাতা আত্মসাতের অভিযোগ

হোম » বরগুনা » আমতলীতে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও ভাতা আত্মসাতের অভিযোগ
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

আমতলীতে সাবেক সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভাতা আত্মসাৎ ও নিয়োগে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উপজেলা সদ্য বিদায়ী সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার টাকা আত্মসাৎ এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী মো. জসিম উদ্দিন ও সহকারী পিপি মাহবুবুল আলম তাঁকে উকিল নোটিশ দিয়েছেন। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগকারীদের দাবি, মাঞ্জুরুল হক কাওসার আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বয়স্ক ও বিধবা ভাতার তালিকা তৈরি করেন। ওই তালিকায় থাকা অর্ধশতাধিক নারীর ভাতার টাকা তাঁদের অজান্তে উত্তোলন করা হয়েছে। গত ছয় বছর ধরে এ ধরনের অনিয়ম চলে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

এ ছাড়া গত আগস্ট মাসে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ১১০ জন নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই নিয়োগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং তাঁদের ঘনিষ্ঠজনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাপের মুখে নিয়োগ সংশোধনের আশ্বাস দেন ওই কর্মকর্তা। তবে পরে তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ পাওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা নভেম্বরের শুরুতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। এ সময় তথ্য যাচাই করতে গিয়ে কয়েকজন নারীর নামে বিধবা ও বয়স্ক ভাতা উত্তোলনের তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে কেউ কেউ প্রকৃতপক্ষে বিধবা নন, আবার কয়েকজন ভাতার তালিকায় নাম থাকলেও টাকা পাননি বলে অভিযোগ করেছেন।

 

ভুক্তভোগীদের মধ্যে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অর্পনা রানী শীল, শিলা রানী কুন্ডু ও রাধা রানী হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম রয়েছেন।

 

অর্পনা রানী শীল, শিলা রানী কুন্ডু ও রাধা রানী হাওলাদার বলেন, তাঁদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম রয়েছে। তাঁরা কখনো ওই ভাতার টাকা উত্তোলন করেননি। কীভাবে তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা-ও জানেন না। ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করতে গিয়ে তাঁদের নামে বিধবা ভাতার টাকা উত্তোলনের বিষয়টি জানতে পারেন।

 

অন্যদিকে হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম বলেন, বয়স্ক ভাতার তালিকায় তাঁদের নাম থাকলেও কোনো টাকা পাননি। কীভাবে তাঁদের নাম ওই তালিকায় এসেছে, তা তাঁরা জানেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন বলেন, আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ এবং প্রকৃত বিধবা নন এমন নারী ও ভুয়া বয়স্ক ভাতাভোগীদের নামে তালিকা করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে উকিল নোটিশ দেওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মো. মাঞ্জুরুল হক কাওসার উকিল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

 

বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহাজাদা বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁকে বদলি করা হয়েছে। অভিযোগগুলো অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর মো. মাঞ্জুরুল হক কাওসারকে সমাজসেবা অধিদপ্তরের বরিশাল শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (বালক) পদে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৩