শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী অন্তুর ওপর হামলার বিচার ও ছাত্রত্ব ফেরতের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ
হোম » বরিশাল » শিক্ষার্থী অন্তুর ওপর হামলার বিচার ও ছাত্রত্ব ফেরতের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও পরিষদ সদস্য অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সুজয় সরকার, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলার সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাসসহ অন্যরা।
বক্তারা বলেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়েছে।
তারা অভিযোগ করেন, আন্দোলনে যুক্ত থাকার কারণে গত ২ নভেম্বর কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কলেজ কর্তৃপক্ষ অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করে। পরে গত ১৯ নভেম্বর তাকে মারধর করে দুই তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, অন্তু বিশ্বাস ও তার বন্ধুদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের পাশাপাশি তার পরিবহন শ্রমিক বাবাকেও আসামি করে আরেকটি মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক অন্তু বিশ্বাসকে ছাত্রলীগ পরিচয় দিয়ে হত্যার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
বক্তারা অন্তু বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২২:১৫:৪৫
