শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬

তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে হাজারো মানুষ

হোম » বরগুনা » তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে হাজারো মানুষ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে হাজারো মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা

 

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দুই এলাকার হাজারো মানুষ ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পাঠদান।

 

শুক্রবার দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয়ে গিয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

 

সেতুটি দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। সেতুটি ভেঙে যাওয়ায় মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে না পারায় তাদের পাঠদান ব্যাহত হচ্ছে।

 

শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম বলেন, ‘সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।’

 

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, ‘রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।’

 

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:০০:১১