বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড
হোম » লিড নিউজ » বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
সাবেক সেনা কর্মকর্তা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি জিয়াউল আহসানের বরিশালের বাড়িকে ‘খুনির বাড়ি’ আখ্যা দিয়ে সাইনবোর্ড টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’ মুছে দিয়ে তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানোর পাশাপাশি বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙানো হয়।
এ সময় গুমের শিকার দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম বাড়ির সামনে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, ‘জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।’
কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। তারা বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেন এবং কালি দিয়ে মুছে ফেলেন বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। পরে বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার ঝোলানো হয়।
বাংলাদেশ সময়: ২০:৪৮:৩৯
