মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে দুবলার চরে হাজারো পুণ্যার্থীর রাস উৎসব, পুণ্যস্নানে শেষ

হোম » খুলনা » ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে দুবলার চরে হাজারো পুণ্যার্থীর রাস উৎসব, পুণ্যস্নানে শেষ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে দুবলার চরে হাজারো পুণ্যার্থীর রাস উৎসব, পুণ্যস্নানে শেষ

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা) থেকে

 

সাগরের উত্তাল ঢেউ, টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের শঙ্কা উপেক্ষা করে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে। তিন দিনব্যাপী পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাস পূর্ণিমার পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।

 

রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থী ও দর্শনার্থীরা ট্রলার ও নৌকাযোগে আলোরকোলে আসতে শুরু করেন। বন বিভাগের অনুমোদিত পাস-পারমিট নিয়ে নির্ধারিত নৌপথ অনুসরণ করে তাঁরা দুর্গম এই চরে পৌঁছান। শেষ দিনে পুণ্যস্নানকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরের আলোরকোলে এ উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার পুণ্যতিথিতে স্নান করলে পুণ্য অর্জন, পাপ-তাপ মোচন এবং জীবনের মঙ্গল হয়। এ বিশ্বাস থেকেই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা ছুটে আসেন সুন্দরবনের এই উপকূলে।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের উৎসবে যাতায়াতের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে পাস-পারমিট দেওয়া হয়। অন্যদিকে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে সাতটি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে পাস-পারমিট দেওয়া হয়।

 

উৎসবে অংশ নিতে আসা কয়রার কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেষ রঞ্জন মৃধা মুঠোফোনে বলেন, রাস পূর্ণিমার তিথিতে ভোরে স্নান করলে পাপ-তাপ দূর হয় এবং জীবনে মঙ্গল ও আশীর্বাদ পাওয়া যায় বলে তাঁদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই প্রতিবছরের মতো এবারও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে এসেছেন।

 

দাকোপ উপজেলা থেকে আসা পুণ্যার্থী কালিপদ রায় বলেন, বন বিভাগের অনুমতি নিয়ে কয়েক দফা বৃষ্টি উপেক্ষা করে তাঁরা চরে পৌঁছেছেন। সারা রাত থেমে থেমে বৃষ্টি হলেও সকালে রোদের দেখা মিলেছে। নির্বিঘ্নে পুণ্যস্নান শেষে বাড়ি ফিরতে পারলেই তাঁদের এই যাত্রা সার্থক হবে।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে সুন্দরবনে বনকর্মীদের একাধিক দল টহল কার্যক্রম পরিচালনা করেছে। এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে রাস পূজা শেষ হয়েছে।

 

উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয় বন বিভাগ। পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয় পাঁচটি নৌপথ। গুরুত্বপূর্ণ স্থানে বনকর্মীদের টহল ও নজরদারি জোরদার করা হয়। নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান নোঙর করতে দেওয়া হয়নি।

 

এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন, হরিণ শিকারের ফাঁদ, কুঠার ও করাত নেওয়া এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়।

 

কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিনের দূষণ রোধে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়েছে। সুন্দরবনের নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। এবার আগের তুলনায় যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলার প্রবণতা কিছুটা কম ছিল।

 

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, তিথি অনুযায়ী রবিবার থেকেই পূজা-অর্চনা শুরু হয়। ঘূর্ণিঝড়ের শঙ্কা ও বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে হাজারো পুণ্যার্থী চরে সমবেত হন। তিন দিনব্যাপী আয়োজন মঙ্গলবার পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

 

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য প্রভাবের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার সকাল থেকে পুণ্যার্থীদের অনুমতি দেওয়া হয়। নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় তাঁদের চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল।

 

তিনি আরও বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পুণ্যার্থী ও দর্শনার্থীরা এসব নির্দেশনা মেনে উৎসব শেষে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪১