মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
জাগতিক পাপ মোচন ও পুণ্যলাভের আশায় গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সমুদ্রের নোনা জলে স্নানের মধ্য দিয়ে এ ধর্মীয় আচার সম্পন্ন করেন পুণ্যার্থীরা।
স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণ ও মানত পূরণের আশায় মাথা ন্যাড়া করেন এবং পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত।
পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস উৎসবের মূল পর্ব শেষ হলেও উপজেলা শহর কলাপাড়ায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে আরও তিন দিন।
উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে মানবতা রক্ষায় কংস রাজাকে বধের পর পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের পরম প্রেমের লীলাকে কেন্দ্র করে রাস উৎসবের প্রচলন হয়। সত্য ও সুন্দরের জয় কামনায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় এ উৎসব উদযাপন করে আসছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১২:৩১:৪০
