সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

দুবলার চরে মন্দিরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু রাস উৎসব

হোম » খুলনা » দুবলার চরে মন্দিরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু রাস উৎসব
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


 

দুবলার চরে মন্দিরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু রাস উৎসব

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের দুবলার চরে মন্দিরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূজা-অর্চনা। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় পূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অস্থায়ী মন্দিরের চাবি হস্তান্তর করলে মূল পূজার কার্যক্রম শুরু হয়।

 

চাবি হস্তান্তরের পরপরই দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে পূজা-অর্চনা শুরু হয়। সারারাত চলবে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

 

প্রায় শতাব্দী ধরে চলে আসা এ রাস উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে ব্যাপক ধর্মীয় আবেগ ও বিশ্বাস। তাঁদের বিশ্বাস, স্বয়ং শ্রীকৃষ্ণ দুবলার চরে এসে রাস পূজার সূচনা করেছিলেন। সেই বিশ্বাস ও ঐতিহ্য ধারণ করে প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে দেশ-বিদেশের হাজারো ভক্ত ও পুণ্যার্থী পাপমোচন ও মনোবাসনা পূরণের আশায় এখানে সমবেত হন।

 

উৎসব প্রসঙ্গে দুবলার চর রাস পূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে নানা সমস্যায় পড়তে হয়েছে। এতে পূজার প্রস্তুতিও বিঘ্নিত হয়েছে। এবার পূজার্থীর সংখ্যা কিছুটা কম হলেও উৎসবমুখর পরিবেশে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে।

 

এদিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবন ও দুবলার চর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

সোমবার বিকেলে দুবলার চরে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। বন্যপ্রাণী শিকার রোধেও বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।

 

উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৭