সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
নির্ধারিত সময়ের আগে সিজার, নবজাতকের মৃত্যু; চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
হোম » লিড নিউজ » নির্ধারিত সময়ের আগে সিজার, নবজাতকের মৃত্যু; চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে নির্ধারিত সময়ের আগে সিজারিয়ান অস্ত্রোপচার ও ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে দেশ ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। ক্লিনিকটির চিকিৎসক বাদলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ করেছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম।
নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি তারিকুল ইসলামের স্ত্রী।
পরিবারের অভিযোগ, গত ১১ নভেম্বর ফাইজা আক্তারকে দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাদল জানান, গর্ভের পানির পরিমাণ কমে গেছে। দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচার না করালে নবজাতকের মৃত্যু হতে পারে বলেও সতর্ক করেন তিনি। পরে ২৫ হাজার টাকার বিনিময়ে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর সকালে শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের বাবা তারিকুল ইসলাম বলেন, ‘১১ নভেম্বর স্ত্রীকে দেশ ক্লিনিকে ভর্তি করাই। চিকিৎসক বাদল পরীক্ষা-নিরীক্ষার পর বলেন, গর্ভের পানি শুকিয়ে গেছে, দ্রুত সিজার করতে হবে। সিজার না করালে বাচ্চা মারা যাবে। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিকের পরীক্ষার রিপোর্টে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ দেখা যায়। চিকিৎসক ভুল তথ্য দিয়ে সিজার করেছেন বলে আমার অভিযোগ। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের বিচার চাই।’
এদিকে নবজাতকের চিকিৎসায় যুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পাপিয়া বৈরাগী পূজা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচারের কারণে শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পাওয়ায় জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে দেশ ক্লিনিকের মালিক চিকিৎসক বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
পিরোজপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ক্লিনিকটির বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৪
