সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বে আসার আহ্বান চরমোনাই পীরের
হোম » বরিশাল » বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বে আসার আহ্বান চরমোনাই পীরের
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত বাংলাদেশ গড়তে মেধাবী, দক্ষ ও আদর্শবান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে আদর্শ, দক্ষতা ও নৈতিক নেতৃত্বের সমন্বয়ে গড়ে উঠতে হবে। তরুণদের মেধা ও যোগ্যতাকে রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোন আয়োজিত ‘ইয়ুথ অব টুমরো: ক্যারিয়ার অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না। ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী করে। তাই তরুণদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শিক্ষার্থীদের প্রচলিত ছাত্ররাজনীতির গণ্ডি পেরিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদের প্রস্তুত হওয়ার এখনই উপযুক্ত সময়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিক।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৪২
