সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
বাউফলে পরিযায়ী পাখি শিকারের মহোৎসব, দিনে ২০০ পাখি শিকার
হোম » পটুয়াখালী » বাউফলে পরিযায়ী পাখি শিকারের মহোৎসব, দিনে ২০০ পাখি শিকার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
শীতের মৌসুম শুরু হতেই পটুয়াখালীর বাউফলের নদী ও চরাঞ্চলে আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। এসব পাখির আগমনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছেন একশ্রেণির পেশাদার শিকারি। রাতের আঁধারে নৌকা নিয়ে দুর্গম চরাঞ্চলে গিয়ে তাঁরা পাতছেন বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল। ভোরে ফাঁদে আটকা পড়া পাখি নদীর তীরে এনে শুরু হচ্ছে বেচাকেনা। শিকারিদের সঙ্গে আগে থেকেই চুক্তি করে রাখেন নদীর পাড়ের স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। তাঁরাই মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে পাখির অর্ডার নিয়ে স্থানীয় পরিবহনের মাধ্যমে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। দাম পরিশোধ করা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে।
স্থানীয় সূত্র ও শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর চরাঞ্চলসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিল ও জলাভূমিতে শীত মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে পেশাদার শিকারিরা রাতের আঁধারে নৌকা নিয়ে এসব এলাকায় যান। তাঁরা বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পাতেন। কোথাও পাখির ডাক নকল করে, কোথাও বিশেষ কৌশলে পাখিদের ফাঁদে আকৃষ্ট করা হয়। ভোর হওয়ার আগেই অনেক পাখি আটকা পড়ে এসব ফাঁদে।
অনুসন্ধানে জানা গেছে, পাখি শিকার থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত চলে কয়েক ধাপের বাণিজ্য। শিকারিরা সরাসরি ক্রেতাদের কাছে পাখি বিক্রি করেন না। নদীর পাড়ের স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। শিকারিদের সঙ্গে তাঁদের আগে থেকেই যোগাযোগ ও চুক্তি থাকে। তাঁরা মোবাইল ফোনে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেন। চাহিদা অনুযায়ী পাখি সংগ্রহ করে স্থানীয় পরিবহনে ক্রেতাদের বাড়িতে পাঠানো হয়। পাখি পৌঁছানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাম পরিশোধ করেন ক্রেতারা। এভাবে শিকারি ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়াই চলছে পাখির বাণিজ্য।
শিকারিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পাখির দামও বেড়েছে। গত বছর এক জোড়া বালিহাঁস বিক্রি হতো ৬০০ টাকায়। এ বছর তা বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ছোট একটি চক্কা পাখির দাম গত বছর ছিল ৬০ টাকা, এ বছর তা বেড়ে হয়েছে কমপক্ষে ১০০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিকারি জানান, শুধু বাউফলের চরাঞ্চলেই প্রতিদিন শিকারিদের জালে কমপক্ষে ১৫০ থেকে ২০০টি পাখি আটকা পড়ে। বালিহাঁস ছাড়াও চক্কা, লাল ঠোঁটি, ঠেঙ্গা, জলডুবা ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার হচ্ছে। তাঁর দাবি, আগের তুলনায় এলাকায় পাখির আনাগোনা কমেছে।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ‘সেইভ দ্য বার্ড অ্যান্ড বি’ প্রতিষ্ঠানের পরিচালক এম এ বাসার বলেন, শীতের তীব্রতা থেকে বাঁচতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শীতপ্রধান অঞ্চল থেকে বাংলাদেশের নদী, চর ও জলাভূমিতে আসে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু নির্বিচারে শিকার ও বাণিজ্যিক বিক্রির কারণে তাদের নিরাপদ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। জলাভূমিতে পাখির নিরাপদ আশ্রয়ও হুমকির মুখে পড়ছে।
এম এ বাসার সাগরকন্যার এ প্রতিবেদককে আরও বলেন, প্রতি বছরই অতিথি পাখি নির্বিচারে নিধন হচ্ছে। জনসচেতনতা বাড়াতে তাঁরা নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যাতে শিকারিরা নিরুৎসাহিত হন। পাখি শিকার বন্ধ করতে হলে শুধু শিকারি নয়, ক্রেতা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তাই তাদের নিরাপদে বিচরণ করতে দেওয়া উচিত।
উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, ধরা, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৫
