রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় জমি বিরোধে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জমি বিরোধে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হারিপাড়া গ্রামে কুয়াকাটা-কলাপাড়া বিকল্প সড়কের পাশে ৫০ শতাংশ জমিতে এ ঘটনা ঘটে।
জমির মালিকানা দাবিদার মোসা. রুকসানা বিশ্বাস অভিযোগ করেন, বালিয়াতলী মৌজার ৭০ ও ৭১ নম্বর খতিয়ানের ৫০ শতাংশ জমি প্রায় দুই যুগ আগে মরহুম শাহ আলম মোক্তারের ছেলে সাবেক বিমানবাহিনীর পাইলট জামিল আহসানের কাছ থেকে ক্রয়সূত্রে কিনে ভোগদখল করে আসছেন তিনি। ওই জমিতে মেহগনি, অর্জুন ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন।
রুকসানা বিশ্বাসের অভিযোগ, শনিবার বিকেলে একই এলাকার মো. রাসেল হাওলাদার, কাওসার হোসেন, আশিক ও মিজানুর রহমান জমিতে থাকা অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেন। এ সময় তাঁরা জমি দখলেরও চেষ্টা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল হাওলাদার বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা হয়েছিল। মামলায় তাঁরা রায় পেয়েছেন। আদালতের মাধ্যমে জমি পরিষ্কার করে তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রুকসানা বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪১
