রবিবার ● ২২ নভেম্বর ২০২৬

মনপুরায় অসময়ের বৃষ্টিতে পাকা আমনের খেতে ছোবল, দুশ্চিন্তায় কৃষক

হোম » ভোলা » মনপুরায় অসময়ের বৃষ্টিতে পাকা আমনের খেতে ছোবল, দুশ্চিন্তায় কৃষক
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬


 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মনপুরা উপকূলে অসময়ের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে পাকা আমন ধানের খেত। ছবি: প্রতিবেদক

আবদুল্লাহ জুয়েল, মনপুরা ( ভোলা) থেকে

 

চার দিনের টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার হাজার হাজার হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জমে ধানের শীষ ডুবে গেছে। এতে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো ধান কাটতে ও শুকাতে না পারলে উৎপাদন কমার পাশাপাশি বাজারমূল্যও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

 

উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম বলেন, চার দিনের বৃষ্টিতে আমন খেতে পানি জমেছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টির তোড়ে বেশির ভাগ পাকা ধান নুয়ে পড়েছে। ধানের শীষ পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকলে আমনের ব্যাপক ক্ষতি হবে।

 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে মনপুরা উপকূলে রাতভর বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি ব্লকে আবাদ করা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

 

উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ কয়েকজন জানান, তাঁদের ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকে ৫৯০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে বেশির ভাগ জমির পাকা ধান নুয়ে পড়েছে। ধানের শীষ পানিতে ডুবে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

 

কৃষকেরা বলেন, এবার ধানের দাম এমনিতেই কম। বৃষ্টির কারণে সময়মতো ধান কাটতে ও শুকাতে না পারলে ধান লালচে হয়ে যাবে। তখন বাজারে আরও কম দাম পাওয়া যাবে। এ ছাড়া বৃষ্টিতে জমির খড় নষ্ট হওয়ায় তা বিক্রিও করা যাবে না।

 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এ ছাড়া উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৩, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৬২, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। সব মিলিয়ে উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।

 

সরেজমিনে উপজেলার হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন আমন খেত ঘুরে দেখা গেছে, বেশির ভাগ জমির পাকা ধান নুয়ে পড়েছে। কোথাও আধা পাকা ধান পানিতে ডুবে আছে, কোথাও পাকা ধান পানির মধ্যে পড়ে রয়েছে। প্রায় সব খেতেই বৃষ্টির পানি জমে আছে। ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ধানের গাছ।

 

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাসসহ অনেকে বলেন, ধারদেনা করে তাঁরা আমন আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টি তাঁদের স্বপ্নের ফসলের মাঠে ছোবল দিয়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ধান নুয়ে পড়েছে। এখন সময়মতো ধান কেটে ঘরে তোলা ও শুকানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। আবার বৃষ্টি হলে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।

 

এ বিষয়ে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লা বলেন, অসময়ের বৃষ্টিতে আমন খেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া মুঠোফোন ও অনলাইনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৭