শনিবার ● ২১ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় বিএনপির সন্ত্রাসবিরোধী সভা, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হোম » রাজনীতি » কলাপাড়ায় বিএনপির সন্ত্রাসবিরোধী সভা, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসবিরোধী সভা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘দেশ ধ্বংস করে দেওয়া ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও দেশের মানুষ ও সম্পদের ওপর হামলা-নাশকতা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো মূল্যে জনগণকে সঙ্গে নিয়ে এ নৈরাজ্য বন্ধে আমরা রাজপথে রয়েছি। বিগত দিনে দেশের মানুষের জানমাল রক্ষায় বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। আগামী দিনেও থাকতে হবে।’

 

তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন।

 

সভা শেষে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা শহরের প্রধান প্রধান সড়কে অবস্থান নেন এবং মোটরসাইকেল শোডাউন করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৯