শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
নেছারাবাদে ডি.এস. একাডেমির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
হোম » শিক্ষা » নেছারাবাদে ডি.এস. একাডেমির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে পিরোজপুরের নেছারাবাদে ডি.এস. একাডেমির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের মধ্য দিয়ে আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ডি.এস. একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির ও ছারছীনা দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সৈয়দ মোহাম্মদ শরাফত আলী।
সমাবেশে প্রজেক্টর ও ভিডিও চিত্রের মাধ্যমে ডি.এস. একাডেমির শিক্ষা কার্যক্রম, নৈতিকতা, শারীরিক বিকাশ ও শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের লেকচারার মো. মাহফুজুর রহমান।
মাওলানা মো. নুর-ই-রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, দীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা মাহমুদুম মুনির হামিম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রমজনুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ, ডি.এস. একাডেমির প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ (মাদানি), আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ও মাওলানা মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া শিক্ষাব্যবস্থা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মো. রুহুল আমিন এবং ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারি।
বক্তারা বলেন, আদর্শ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটাতে হবে। ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ক্ষেত্রে ডি.এস. একাডেমির মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা একাডেমির শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালুর জোরালো আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষে প্রি-প্লে, কেজি, নার্সারি এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। ছেলে ও মেয়ে উভয়ের ভর্তির সুযোগ থাকলেও তাদের জন্য পৃথক ব্যবস্থাপনা এবং পৃথক শিক্ষক রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোনাজাত পরিচালনা করেন। তাঁর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সুধী সমাবেশের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৩
