শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
টানা তৃতীয়বার গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল আমিন
হোম » রাজনীতি » টানা তৃতীয়বার গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল আমিন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা আল আমিন। উপজেলার ১৭৭ জন রুকনের প্রত্যক্ষ ভোটে টানা তৃতীয়বারের মতো তিনি এ দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গৌরনদীর আল হেলাল মাদ্রাসার হলরুমে আয়োজিত সম্মেলনে সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। রুকনদের সরাসরি ভোটের ফলাফলের ভিত্তিতে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. এস এম মাহফুজুর রহমান তাঁর নাম ঘোষণা করেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
মাওলানা আল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. এস এম মাহফুজুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাফেজুর রহমান এবং উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরুষ ও মহিলা রুকনরা অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশায় রুকনরা পুনরায় মাওলানা আল আমিনের ওপর আস্থা রেখেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত মুখ। তাঁর নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুনর্নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা আল আমিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৩
