শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬

কয়রার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী সরদার

হোম » খুলনা » কয়রার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী সরদার
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬


 

কয়রার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী সরদার

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি সদস্য মো. আইয়ুব আলী সরদার। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা এবং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ককে পুঁজি করে নির্বাচনী আলোচনায় রয়েছেন তিনি।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সহযোগিতা করা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে এলাকায় পরিচিতি তৈরি করেছেন আইয়ুব আলী সরদার। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

 

রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থাশীল আইয়ুব আলী দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার সময়েও তিনি দলের সঙ্গে ছিলেন। এ সময় বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১১টি রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে বলেও দাবি করেছেন সমর্থকেরা।

 

আইয়ুব আলী সরদার বাগালী ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়ভাবে এলাকাটি সাত গ্রাম নামে পরিচিত। ওই এলাকার বাসিন্দা কালাম সানা সাগরকন্যাকে বলেন, সাত গ্রামের মানুষের পাশাপাশি পুরো ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আইয়ুব আলীর দীর্ঘদিনের যোগাযোগ এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। দলীয় মনোনয়ন পেলে এসব সম্পর্ক নির্বাচনে তাঁর পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তাঁদের প্রত্যাশা।

 

চেয়ারম্যান প্রার্থী হিসেবে আইয়ুব আলীর প্রত্যাশা, বিএনপির মনোনয়ন পেলে ইউনিয়নের মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। তাঁর কাছে জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ।

 

আইয়ুব আলীর ঘনিষ্ঠজনদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে কাজ করার কারণে এলাকায় তাঁর একটি সমর্থকগোষ্ঠী তৈরি হয়েছে। তবে এই জনসম্পৃক্ততা শেষ পর্যন্ত কতটা নির্বাচনী সমর্থনে রূপ নেয়, তা নির্ভর করবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিস্থিতি ও দলীয় মনোনয়নের ওপর।

 

এদিকে বিএনপির মনোনয়ন পেতে দলটির নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন আইয়ুব আলী সরদার।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৪