শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মনপুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত
হোম » আবহাওয়া » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মনপুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা থাকায় পুরো উপকূলজুড়ে বিরাজ করছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বেলা গড়িয়ে বিকেল হলেও দেখা মিলেনি সূর্যের। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ।
গত দুই দিন ধরে উপকূলজুড়ে এমন আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে কাজ করতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন কায়িক শ্রমজীবীরা।
শুক্রবার বিকেল পর্যন্তও সূর্যের দেখা নেই। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।
এদিকে রামনেওয়াজ লঞ্চঘাটের মনপুরা-নোয়াখালী নৌরুটের সি-ট্রাকের সুপারভাইজার রিপন জানান, নৌ-সংকেত না থাকায় সি-ট্রাক নির্ধারিত সময়েই চলাচল করছে। তবে যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম।
এ ছাড়া হাজিরহাট সি-ট্রাক ঘাট ও জনতা লঞ্চঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঘাটের সুপারভাইজাররা।
ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের মধ্যে ভারতের ওডিশার গোপালপুরের কাছে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি কিছুটা কমিয়ে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর হয়ে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৫১:০৭
