বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৪০ একর খাসজমিতে চাষাবাদে বাধা, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
হোম » বরগুনা » ৪০ একর খাসজমিতে চাষাবাদে বাধা, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ একর সরকারি খাসজমিতে তরমুজ চাষে বাধা দেওয়ায় এক ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আমতলীর হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার এবং তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার আমতলী উপজেলার ছোনাউডা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোমোরহাট বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে শতাধিক মানুষ অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, লাঞ্ছিতের শিকার ভূমি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা। তাঁর অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাসজমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন লিমন হাওলাদার ও তাঁর লোকজন। এতে বাধা দিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল, লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া ও আমতলী উপজেলার সীমান্তবর্তী টিয়াখালী নদী ভরাট হয়ে শতাধিক একর জমি জেগে উঠেছে। এসব জমি কলাপাড়া উপজেলার ধানখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব জমির একটি অংশ দখলে নিয়ে ধান ও তরমুজ চাষ শুরু করেন আমতলীর হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তাঁর সহযোগীরা। গত দুই বছর ধরে তাঁরা সেখানে চাষাবাদ করছেন। তবে এসব জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া হয়নি বলে দাবি ভূমি কর্মকর্তার।
গত ৯ নভেম্বর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক সরেজমিনে জমি পরিদর্শন করেন। এ সময় তিনি জমিতে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেন এবং জমিতে থাকা ফসল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
ভূমি কর্মকর্তার অভিযোগ, ওই নির্দেশনা উপেক্ষা করে লিমন হাওলাদার ও তাঁর লোকজন ১১৯৯ নম্বর দাগের ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেন। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে চাষাবাদে বাধা দিলে তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এদিকে তরমুজের চারা নষ্টের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তরমুজের চারা নষ্ট করেছেন। তবে তরিকুল ইসলামের দাবি, তাঁকে ফাঁসাতে লিমন হাওলাদারের লোকজনই তরমুজের চারা নষ্ট করে এর দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছেন।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তাঁর লোকজন জোর করে সরকারি জমিতে চাষাবাদ করেছেন। এতে বাধা দেওয়ায় লিমন ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। তিনি বলেন, ভূমি কর্মকর্তাকে মারধর কিংবা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি চাষাবাদের ঘটনা ঘটেনি। বরং সরকারি ওই কর্মকর্তা তরমুজের চারা নষ্ট করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, কলাপাড়ার ধানখালী মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা জমিতে চাষাবাদ ও ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৪
