বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির অবস্থান, বিক্ষোভ মিছিল

হোম » বরিশাল » উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির অবস্থান, বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির অবস্থান, বিক্ষোভ মিছিলসাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ইচলাদীসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান, মিছিল ও সমাবেশ করেন তাঁরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের কথা জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া উজিরপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পেট্রোল ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

এ পরিস্থিতিতে মহাসড়কে সক্রিয় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তফা কামাল লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিলন হাওলাদার, সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ কেউ বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৩