বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছে ঢাবি

হোম » আইন-আদালত » ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছে ঢাবি
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছে ঢাবিসাগরকন্যা প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাবি কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, আমরা প্রস্তুতি নিয়েছি। আজই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

 

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। এসব আবেদনের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।

 

একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

 

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। কিন্তু এর আগেই ৫ ডিসেম্বর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।

 

সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

 

তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৩:২৫:১৬