বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
হোম » খুলনা » বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়িতে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, ছোট বাহিরদিয়া গ্রামের ওই বাড়িতে মিল্কভিটার চেয়ারম্যানের চাচারা বসবাস করেন। বুধবার রাতে কে বা কারা বাড়িটির ভেতরে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান থেকে একটি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করে। এ ছাড়া বিস্ফোরিত দুটি বোমার আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বোমা নিক্ষেপের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০:৪৮:৩৯
