বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

গৌরনদীতে মহাসড়কে গাছ ফেলে আগুন, ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা

হোম » বরিশাল » গৌরনদীতে মহাসড়কে গাছ ফেলে আগুন, ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে মহাসড়কে গাছ ফেলে আগুন, ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কের পৃথক দুটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। একই দিন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হননি।

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এরপর রাত ৭টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমা নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ট্রাকটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

 

এদিকে, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নাশকতা ঘটিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৩