বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ উদ্ধার কর্ণফুলীতে

হোম » চট্টগ্রাম » হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ উদ্ধার কর্ণফুলীতে
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ উদ্ধার কর্ণফুলীতেসাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে খাবার খেতে যান তাঁরা। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর নির্ধারিত স্থানে পাননি।

 

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। জেলা পুলিশ লাইনসের সামনের সড়ক থেকে দিনে-দুপুরে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল তল্লাশি শুরু করে। পরে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

 

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, ‘গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ২১:৪৪:১০