বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
জিয়ানগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হোম » পিরোজপুর » জিয়ানগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরের জিয়ানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, বিএনপি নেতা আলমগীর কবির মান্নু ও আহসানুল হক ছগীর।
এ ছাড়া যুবদল নেতা শাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল রানা ও শ্রমিকদল নেতা আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ সতর্ক রয়েছেন। কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা রাজপথে রয়েছেন। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ২০:৫৮:০৩
