বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেঘাচ্ছন্ন উপকূল, পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

হোম » আবহাওয়া » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেঘাচ্ছন্ন উপকূল, পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেঘাচ্ছন্ন উপকূল, পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি তীব্র ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার মধ্যরাতে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

 

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

 

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:১৪