মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

বিদেশে বসে দেশ অস্থিতিশীলের চেষ্টা জনগণ মেনে নেবে না: শামা ওবায়েদ

হোম » ঢাকা » বিদেশে বসে দেশ অস্থিতিশীলের চেষ্টা জনগণ মেনে নেবে না: শামা ওবায়েদ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


বিদেশে বসে দেশ অস্থিতিশীলের চেষ্টা জনগণ মেনে নেবে না: শামা ওবায়েদসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, গুমসহ যেসব মামলা হয়েছে, সেগুলোর বিচার বাংলাদেশের আইন ও বিচার বিভাগ অনুযায়ী হবে। এরপরও বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড়ে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে এ সভার আয়োজন করা হয়।

 

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, হত্যা, খুন ও গুমের অভিযোগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলা বাংলাদেশের আইন, বিচার বিভাগ ও আদালতে বিচারাধীন। ফলে মামলার রায় কী হবে, তা বাংলাদেশের আদালতই নির্ধারণ করবেন।

 

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগের জবাব দিতে হবে। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট শিশুকে হত্যা করা হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামলে তাঁদের ওপর গুলি চালানো হয়েছে। প্রতিটি গুলির জবাব দিতে হবে।

 

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নগরকান্দা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ মুক্তিযোদ্ধাদের মাটি। মুক্তিযোদ্ধারা বলেন, ‘অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই নাই।’

 

বিএনপির নেতাকর্মীদের ওপর গত ১৭ বছরের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে বেইমানি করেননি। গাছে, বনে-বাদাড়ে ও পুকুরে থেকেও তাঁরা ধানের শীষের ঝান্ডা নিয়ে ঘুরেছেন। এখন হত্যাকারীরা তাঁদের চোখ রাঙালে বিএনপি বসে থাকবে না।

 

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর জুলুম, নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন। ভবিষ্যতেও তাঁরা মাঠে থাকবেন।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের নেতা তাঁদের ছেড়ে চলে গেছেন। গত দুই বছর তাঁর চেহারা দেখা যায়নি, শুধু বক্তব্য শোনা যাচ্ছে। কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে চাইলে অন্যায় বন্ধ করে সুপথে ফিরতে হবে। বিএনপি সরকারকে সহযোগিতা করে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে এবং মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

 

বিএনপির মনোনয়ন না পাওয়া ব্যক্তিদের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, বিএনপি বড় দল হওয়ায় প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকেন। সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। দল যাঁকে যোগ্য মনে করে, তাঁকেই মনোনয়ন দেয়। অথচ মনোনয়ন না পাওয়া কয়েকজনকে এখন শেখ হাসিনার পক্ষে সংসদের ভেতরে ও বাইরে কথা বলতে দেখা যাচ্ছে। এ সময় তিনি সংসদ সদস্য রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বক্তব্য দেন।

 

নিজ নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত দুই থেকে আড়াই বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়নি। তাঁর সামনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বসে আছেন। তাঁর বাবা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করতেন না, বিএনপিও তা বিশ্বাস করে না।

 

দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে, কূটনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিদেশিরা বিনিয়োগ করছেন। পোশাকশিল্পের ক্রেতারাও বাংলাদেশে এসে ক্রয়াদেশ দিচ্ছেন। কিন্তু এসব অগ্রগতি ফ্যাসিবাদীরা সহ্য করতে পারছে না। পোশাকশিল্প ধ্বংস ও দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে।

 

তিনি আরও বলেন, দেশে বাস-ট্রাক পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। দেশের স্থিতিশীলতা ও মানুষের শান্তি রক্ষায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ) আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

 

সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

 

এর আগে কয়েক শ মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে জয়বাংলা মোড়ে আসেন শামা ওবায়েদ।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৫৩