মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমান করে কথা ঢালী (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

কথা ঢালী উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বিমল ঢালীর মেয়ে। সে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সে বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে কথা ঢালী অকৃতকার্য হয়। পরে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পী কর্মকার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

এ ঘটনায় নিহতের বাবা বিমল ঢালী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৬