সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১৯ নভেম্বর অতি প্রবল হওয়ার শঙ্কা
হোম » আবহাওয়া » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১৯ নভেম্বর অতি প্রবল হওয়ার শঙ্কা
সাগরকন্যা ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হয়ে ১৭ নভেম্বর সন্ধ্যায় প্রবল এবং ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তরের সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার বুলেটিনে বলা হয়, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্র দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং উড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
উড়িশায় সতর্কতা, প্রস্তুত উদ্ধারকারী দল
সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের উড়িশা রাজ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে সম্ভাব্য তৃতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রাজ্যের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের সব জেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হবে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, উড়িশা দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল ও জরুরি সেবার কর্মীদের উদ্ধার এবং প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হবে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি বলেন, গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘আরনাব’-এর প্রভাবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবেও ওই অঞ্চলে বৃষ্টিপাত হয়। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ২৮ অক্টোবর প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ভয়াবহ বন্যায় উড়িশার দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১:৫৩:৩২
