সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

আধুনিক যুদ্ধে সিগন্যালস কোরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

হোম » জাতীয় » আধুনিক যুদ্ধে সিগন্যালস কোরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


আধুনিক যুদ্ধে সিগন্যালস কোরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানেরসাগরকন্যা প্রতিবেদক

 

আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।

 

সোমবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে একই দিন যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব নির্দেশনা দেন।

 

সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি আধুনিক যোগাযোগব্যবস্থায় কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি বাস্তবমুখী ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কোরের সব সদস্যকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

সম্মেলন শেষে সেনাপ্রধান এসটিসিএন্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন। এ সময় সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন তিনি।

 

পরে শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশের জন্য বিভিন্ন সময়ে রাখা অবদান ও অর্জনের কথা তুলে ধরেন তিনি।

 

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিগন্যালস কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৩