সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

হোম » শিক্ষা » কলাপাড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও পরে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া বিদ্যালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা-মোকদ্দমা, সালিস-বাণিজ্য ও জমিসংক্রান্ত দালালিতে জড়িত থাকার অভিযোগও তোলেন বক্তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক আব্দুল সাত্তার হাই, আব্দুল রশিদ, মো. পান্নাত হাওলাদার, সাহিদা বেগম, আঁকিনুর বেগম ও বাতেন তালুকদার।

 

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস করতে পারছি না। তবে মামলার বিষয়টি পারিবারিক।’

 

মানববন্ধনকারীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষকের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৮