সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
দশমিনায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে কৃষক-জনগোষ্ঠীর মানববন্ধন
হোম » পটুয়াখালী » দশমিনায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে কৃষক-জনগোষ্ঠীর মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
জলবায়ু সংকটের বাস্তবতা তুলে ধরা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর দশমিনায় র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন এলাকার কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। প্রথমে উপজেলার সদর ইউনিয়নের সামনে সমবেত হন তাঁরা। পরে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান টিটু, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু প্রাণকৃষ্ণ দাস, মো. ফিরোজ হোসাইন, ভূমিহীন নেতা আশ্রাফ সিকদার, মো. ইদ্রিস খাঁ, মো. বারেক সরদার, মো. মোখলেসুর রহমান ও ফেরদৌস হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট শক্তিগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না।
তাঁরা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর মতামত এবং অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব ও কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৩
